ঠাকুরগাঁওয়ের ৩ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে চলছে গণনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা কার্যক্রম।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ দিনব্যাপী নির্বিঘ্নে সম্পন্ন হয়। বিকালে সাড়ে ৪ টার পরপরই কেন্দ্রগুলোতে শুরু হয়েছে ব্যালট গণনা।

জেলার তিনটি আসনে ভোটকে ঘিরে ছিল ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্য। গ্রাম থেকে শহর—সবখানেই ভোটারদের বেশ উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

জেলায় রয়েছে ৩টি পৌরসভা ও ৫৪টি ইউনিয়ন। মোট ৪১৭টি ভোটকেন্দ্রের ২ হাজার ৩৩৪টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২ হাজার ১১৬টি স্থায়ী ও ২১৮টি অস্থায়ী ভোটকক্ষ। জেলায় মোট ভোটার সংখ্যা ১২ লাখ ১ হাজার ৪৭৩ জন। এর মধ্যে ৬ লাখ ৬ হাজার ৯০৭ জন পুরুষ, ৫ লাখ ৯৪ হাজার ৫৫৯ জন নারী এবং ৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার। গত নির্বাচনের তুলনায় এবার ভোটার বেড়েছে ৫৮ হাজার ৫৫০ জন। তিনটি আসনে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ঠাকুরগাঁও-১ আসন:

২২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। মোট ভোটার ৫ লাখ ৪ হাজার ৮৩৮ জন। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের মো. দেলাওয়ার হোসেন ও ইসলামী আন্দোলনের ডা. হাফেজ মো. খাদেমুল ইসলামসহ অন্যান্য প্রার্থীরা।

ঠাকুরগাঁও-২ আসন:

১৬টি ইউনিয়ন নিয়ে ১০৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ৩ লাখ ৩৬ হাজার ১৭৭ জন। এ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ঠাকুরগাঁও-৩ আসন:

১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। মোট ভোটার ৩ লাখ ৬০ হাজার ৪৫৮ জন। এ আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যার মধ্যে একজন নারী ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। দায়িত্ব পালন করেন ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। মাঠে ছিলেন ১ হাজার ২৫০ জন পুলিশ সদস্য, ১১ প্লাটুন সেনাবাহিনী, ৩২ প্লাটুন বিজিবি, ৩ প্লাটুন র‍্যাব এবং ৬ হাজারের বেশি আনসার সদস্য। প্রতিটি কেন্দ্রে ছিল সিসিটিভি ও বডি-ওয়ার্ন ক্যামেরা।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইসরাত ফারজানা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন গণনা কার্যক্রম চলছে, ফলাফল পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।

এদিকে ভোটগণনাকে কেন্দ্র করে প্রার্থীদের সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আগ্রহ। রাতেই তিনটি আসনের ফলাফল জানা যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

টিএইচটি/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।