ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় চারজনের ২ বছর করে কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:০২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

গাজীপুরের কাপাসিয়ায় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় চারজনকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর এলাকায় ছাত্রদলের দুই নেতা এবং ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে প্রত্যেককে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন কাপাসিয়ার ভাওয়াল চাঁদপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. ইলিয়াস সরকার (৩০), মো, তারেক (২৬), মেজবাউল ইসলাম (৩৫) ও ইফতেখারুল আলম (৩০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন বৃহস্পতিবার দুপুরের পর কাপাসিয়ার চাঁদপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, ভোটগ্রহণের পরিবেশ বিঘ্নিত করেন এবং ভোটারদের স্বাভাবিক ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে বিচারিক কার্যক্রম শেষে আদালত এ দণ্ডাদেশ দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটকেন্দ্রের ভোটার স্লিপ প্যান্ডেলে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা এবং প্যান্ডেল ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

পরে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে অভিযুক্ত চারজনকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।