জীবনে কতবার আসে সত্যিকারের প্রেম?
জীবন-মৃত্যুর মতোই সত্য প্রেম এমন কথাই আমরা বারবার শুনে এসেছি। কিন্তু প্রেম কি সত্যিই একবারই আসে? নাকি মানুষ জীবনে একাধিকবার ভালোবাসতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই জন্ম নেয় নানা তর্ক, মতভেদ আর গবেষণা। কারণ প্রেম কোনো অঙ্ক নয়, যে হিসেব করে মেলানো যাবে। কখন, কোথায়, কীভাবে কার প্রতি হৃদয় নরম হয়ে যাবে-তা আগে থেকে বোঝার সাধ্য কারও নেই।
বিশ্বখ্যাত সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস একবার বলেছিলেন, একজন মানুষ একই সময়ে একাধিক ব্যক্তির প্রেমে পড়তে পারেন। এই বক্তব্য অনেকের কাছে বিস্ময়কর, আবার অনেকের কাছে বাস্তবসম্মত। কারণ মানুষের আবেগ জটিল, বহুমাত্রিক এবং পরিবর্তনশীল। সম্পর্ক ভাঙে, আবার নতুন সম্পর্ক গড়ে ওঠে এটাই জীবনের স্বাভাবিক ছন্দ। তবুও প্রশ্ন থেকে যায় সত্যিকারের প্রেম কি একবারই হয়?

প্রশ্নের উত্তর খুঁজতে প্রায় ১০ হাজার অবিবাহিত নারী-পুরুষের উপর একটি গবেষণা চালানো হয়েছিল। সেখানেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।। দেখা যায়, প্রায় এক-তৃতীয়াংশ মানুষ জীবনে দু’বার প্রেমে পড়েছেন। ১১ শতাংশ জানিয়েছেন, তারা তিনবার বা চারবার প্রেমে পড়েছেন। আরও অবাক করা তথ্য হলো১৪ শতাংশ মানুষ দাবি করেছেন, তারা কখনো প্রেমেই পড়েননি। অর্থাৎ প্রেমের অভিজ্ঞতা সবার ক্ষেত্রে সমান নয়; এটি সম্পূর্ণ ব্যক্তিনির্ভর।

তাহলে কি প্রেমের সংখ্যা দিয়ে তার গভীরতা মাপা যায়? অনেকের মতে, প্রথম প্রেমই জীবনের সবচেয়ে সত্য ও নির্মল অনুভূতি। বিচ্ছেদের পরও সেই স্মৃতি থেকে যায় হৃদয়ের গভীরে। পরবর্তীতে কেউ জীবনে এলেও প্রথম প্রেমের জায়গা আলাদা। তবে এর অর্থ এই নয় যে নতুন সম্পর্ক কম গুরুত্বপূর্ণ। বরং জীবনের অভিজ্ঞতা মানুষকে আরও পরিণত করে তোলে।
আবার অনেকে মনে করেন, দ্বিতীয় প্রেমই আসল প্রেম। কারণ প্রথমবারের ভুল, আবেগপ্রবণতা ও অপ্রাপ্তি থেকে শিক্ষা নিয়েই মানুষ দ্বিতীয়বার সম্পর্কে জড়ায়। তখন সম্পর্ক হয় বেশি সচেতন, বেশি বোঝাপড়ার। কেউ কেউ আবার বলেন, তৃতীয়বারই হয় প্রকৃত ভালোবাসা , যেখানে আবেগের সঙ্গে যুক্ত হয় বাস্তবতা, দায়িত্ববোধ এবং স্থিরতা।

এখানেই প্রশ্ন ওঠে মানুষ কেন নতুন সম্পর্কে জড়ায়? শুধুই প্রয়োজনের তাগিদে, নাকি হৃদয়ের টানে?
বাস্তবতা, একাকীত্ব, মানসিক সমর্থন কিংবা নতুন করে সুখ খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষাতেই প্রেমে পড়তে পারে। প্রেম কোনো স্থির ধারণা নয়; এটি সময়ের সঙ্গে বদলায়, মানুষ বদলায়, অনুভূতির গভীরতাও বদলায়।
কেউ একবার প্রেমে পড়ে সারা জীবন সেই স্মৃতিই আঁকড়ে থাকেন। কেউ আবার নতুন মানুষে নতুন আলো খুঁজে পান। তাই কতবার প্রেমে পড়া সম্ভব-এর নির্দিষ্ট উত্তর নেই। প্রেমের সংখ্যা নয়, বরং তার সততা ও গভীরতাই গুরুত্বপূর্ণ।

বলা যায়, প্রেম শাশ্বত হলেও তার প্রকাশ একরকম নয়। কারো জীবনে একবার আসে, কারো দু’বার বা তারও বেশি। কিন্তু প্রতিটি প্রেমই মানুষকে কিছু না কিছু শিখিয়ে যায়। নিজেকে বোঝার, অন্যকে গ্রহণ করার এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি অর্জনের সুযোগ করে দেয়। প্রেম তাই শুধু অনুভূতি নয়, এটি এক চলমান যাত্রা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, মিডিয়াম ও অন্যান্য
আরও পড়ুন:
শীতের অবসাদ কাটানোর সহজ উপায়
যে কারণে মানুষ সম্পর্কে জড়ায়
এসএকেওয়াই/