চুয়াডাঙ্গায় আইন অমান্য করায় প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৪:০১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বাদুড়তলা, বড় বাজার ও নিচের বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে উৎপাদিত ভুসির বস্তায় মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং বিএসটিআই লোগো যথাযথভাবে ব্যবহার না করায় ‘মেসার্স হাসান ফ্লাওয়ার মিলস’ নামক একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুসারে প্রতিষ্ঠানের মালিক জেসমিন আরাকে এ জরিমানা করা হয়। একইসঙ্গে দ্রুততম সময়ের মধ্যে ত্রুটিগুলো সংশোধন করে ব্যবসা পরিচালনার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

তিনি জানান, অভিযান চলাকালীন রমজান উপলক্ষে বড় বাজার ও নিচের বাজারের ফলের দোকান, শিশু খাদ্য, খেজুর ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করা হয়। এসময় ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় নিশ্চিত করা এবং কোনোভাবে মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য মজুত না করার বিষয়ে সতর্ক করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন সদর পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি চৌকস টিম।

হুসাইন মালিক/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।