সোনামসজিদ দিয়ে দেড় হাজার টন ছোলা আমদানির অনুমতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

রমজান মাসকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ডাল ও ছোলা আমদানির অনুমতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ।

তিনি জানান, রমজান উপলক্ষে খাদ্যপণ্যের চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেড়ে যায়। বিশেষ করে ইফতারের অন্যতম প্রধান উপাদান ছোলা ও বিভিন্ন ধরনের ডালের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। তাই আগাম পরিকল্পনার মাধ্যমে পর্যাপ্ত আমদানির অনুমতি দেওয়া হয়েছে, যাতে বাজারে কোনো সংকট সৃষ্টি না হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমদানিকারকরা এই বন্দর দিয়ে মোট ১ হাজার ৫২৬ মেট্রিক টন ছোলা, ১ হাজার ৬০০ মেট্রিক টন মসুর ডাল এবং ২০০ মেট্রিক টন মাষকলাই আমদানির অনুমোদন পেয়েছেন। চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই বিশাল খাদ্যপণ্য দেশে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় আমদানিকারকরা জানান, রমজান শুরুর আগেই এসব পণ্য বাজারে পৌঁছে দিতে তারা প্রস্তুতি নিচ্ছেন। দ্রুত খালাস ও সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতাও চাওয়া হয়েছে।

ব্যবসায়ীরা মনে করছেন, পর্যাপ্ত আমদানি হলে বাজারে সরবরাহ বাড়বে এবং অতিরিক্ত মূল্যবৃদ্ধির আশঙ্কা কমবে। এতে ভোক্তারা স্বস্তি পাবেন। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য রমজানে খাদ্যপণ্যের দাম সহনীয় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোহান মাহমুদ/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।