সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ উদ্ধার ৫৫, আটক ৫

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারকালে নারী-শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করেছেন কোস্টগার্ড। এসময় মানবপাচারকারী চক্রের ৫ সদস্যকে আটক করা হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, গোয়েন্দা সূত্রে জানা যায়, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তি টেকনাফের বাহারছড়া সমুদ্র এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১০টায় কোস্টগার্ডের একটি টিম ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহজনক বোটকে ধাওয়া করে টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত বোটে তল্লাশি চালিয়ে নারী ও শিশুসহ ৫৫ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়।

কোস্টগার্ডের এই কর্মকর্তা জানান, উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে সাগরপথে পাচারের পরিকল্পনা করছিল। উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত মানব পাচারকারীদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জাহাঙ্গীর আলম/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।