খাগড়াছড়ি

অস্থায়ী শহীদ মিনার বানিয়ে শ্রদ্ধা জানালো স্কুল শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে খাগড়াছড়ি দীঘিনালার বোধি প্রজ্ঞাচারিয়া উচ্চ বিদ্যালয়। তবে বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার না থাকায় শিক্ষার্থীদের নিজ উদ্যোগে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শিক্ষার্থীরা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা নিজেদের হাতে তৈরি করা অস্থায়ী শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে। এসময় ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় বিদ্যালয়ের সভাপতি ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথেরো ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

অস্থায়ী শহীদ মিনার বানিয়ে শ্রদ্ধা জানালো স্কুল শিক্ষার্থীরা

তিনি আরও বলেন, দেশের ভাষা শহীদসহ সকল শহীদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে আমরা জাতীয় দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকি। এজন্য বিদ্যালয়ে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা প্রয়োজন।

প্রধান শিক্ষক স্বপন চাকমা শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে মাতৃভাষা চর্চা ও সংরক্ষণের আহ্বান জানান। তাছাড়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

২০২১ সালে প্রতিষ্ঠিত দীঘিনালা বোধি প্রজ্ঞাচারিয়া উচ্চ বিদ্যালয় পাহাড়ের দুর্গম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আবাসিক শিক্ষার সুযোগ সৃষ্টি করেছে। বর্তমানে বিদ্যালয়ে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শ্রেণি কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে মহান শহীদ দিবস উপলক্ষে চট্টগ্রামস্থ ‘দীঘিনালা বৌদ্ধ ঐক্য পরিষদ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যালয়ে সংঘদান কর্মসূচি পালন করে। সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলার সামগ্রী বিতরণ করা হয় এবং একবেলা আহারের ব্যবস্থা করা হয়েছে বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রবীর সুমন/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।