সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬

সরকার সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা গ্রহণ করেছে, যা শিগগির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধির যে সুফল তা প্রমাণিত। পরে খালগুলো মরে যাওয়ায় কৃষি উৎপাদন যে ব্যাহত হয়েছে তাও প্রমাণিত হয়েছে। ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে জোয়ার-ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছাবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা কোনো দলীয় সরকার অথবা দলীয় রাষ্ট্র গঠন করবো না। আমরা জনগণের সরকার করবো।

বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় গৌরনদীর সরিকল ইউনিয়নের কাপলাতলি খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, আমলা ও পুলিশকে জনগণর জন্য কাজ করার পরিবেশ তৈরি করে দিতে হবে।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রি, বিএডিসির বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দ ওয়াহিদ মুরাদ, উপজেলা কৃষি অফিসার সেকেন্দার শেখ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল, বরিশাল বিএডিসির সহকারী প্রকৌশলী এসএম আতাই রাব্বি, গৌরনদী বিএডিসির উপসহকারী প্রকৌশলী শাহেদ আহমেদ চৌধুরী প্রমুখ।

শাওন খান/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।