চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের বাবুরহাট বাজার ও বিসিক শিল্প নগরী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

স্বাস্থ্যবিধি না মেনে সেমাই উৎপাদনের অপরাধে নিউ চাঁদ ব্রেড অ্যান্ড বিস্কুটকে আট হাজার, উৎপাদিত সেমাইয়ের মোড়কে খুচরা মূল্য উল্লেখ না থাকায় মেঘনা সেমাইকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পণ্যের মোড়কে পূর্বের প্রতিষ্ঠানের ঠিকানা ব্যবহার করায় জি এস কনজুমারকে ১০ হাজার, মূল্য তালিকা না থাকা এবং খেজুরে তেল মিশিয়ে বিক্রয়ের অভিযোগে মীম এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের প্যাকেটে খেজুর প্যাকেটজাত করার অপরাধে সুব্রত বাণিজ্যালয়কে পাঁচ হাজারসহ সব মিলিয়ে ৩৩ হাজার টাকার জরিমানা করেন চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।

অভিযানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শরীফুল ইসলাম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।