গণভোট নিয়ে ছিনিমিনি খেলা মানুষ প্রশ্রয় দেবে না: আখতার
গণভোট নিয়ে ছিনিমিনি খেলা বাংলাদেশের মানুষ কোনোভাবেই প্রশ্রয় দেবে না বলে মন্তব্য করেছেন রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলের আয়োজনে গণসংবর্ধনা ও গণ ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, বাংলাদেশের জনগণের অভিপ্রায়ে গণভোট পাস হয়েছে। সেই গণভোট নিয়ে ছিনিমিনি খেলা মানুষ কোনোভাবেই প্রশ্রয় দেবে না। যদি সংস্কার বাস্তবায়ন করা না হয়, এ দেশের মানুষ ২৪ এর মতো করে আবারও রাজপথে নেমে আসবে।
তিনি আরও বলেন, বিএনপি সরকারকে যে পরিমাণ মানুষ ভোট দিয়েছে, তার থেকে দ্বিগুণ মানুষ গণভোটে হ্যাঁ এর পক্ষে বলেছে। যে পরিমাণ মানুষের সমর্থনে বিএনপি সরকার গঠন করেছে তার থেকে বেশি সমর্থনের গণভোটকে যদি উপেক্ষা করার চেষ্টা করা হয় মানুষ বিএনপি সরকারকেও ছাড় দেবে না।
বিচারের ব্যাপারে-জুলাই গণহত্যার বিষয়ে অবস্থান কী এখন পর্যন্ত বিএনপি তা উপস্থাপন করতে পারেনি জানিয়ে আখতার হোসেন বলেন, গণঅভ্যুত্থান, গণভোট এবং জুলাই আদেশের মধ্য দিয়ে এই সরকার গঠন হয়েছে। জুলাই সনদের আদেশ যদি বিএনপি সরকার পরিপালন না করে তাহলে জনগণ বিএনপির সরকারের সঙ্গে থাকবে না।
কাউনিয়া উপজেলা জামায়াতের আমির আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে গণসংবর্ধনা ও গণ ইফতার মাহফিল অনুষ্ঠানে জামায়াত ও এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জিতু কবীর/এনএইচআর/এমএস