নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় দিনমজুরের মৃত্যুর অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১১:১৬ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পল্লি চিকিৎসকের ভুল চিকিৎসায় রতন বিশ্বাস (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার লালখাঁর মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রতন বিশ্বাস সুনামগঞ্জ জেলার দিরাই থানার চন্নার চর এলাকার মৃত রোমান্ত বিশ্বাসের ছেলে। তিনি সপরিবারে ফতুল্লার লালখাঁর মোড় এলাকায় ভাড়া থেকে দিনমজুর হিসেবে কাজ করতেন।

নিহতের স্ত্রী অনিতা বিশ্বাস জানান, রতন কয়েকদিন যাবত অসুস্থ শরীর দুর্বল। এ জন্য রাত ৭টার সময় বাড়ির কাছের পল্লি চিকিৎসক শরিফুল ইসলামকে ডেকে বাসায় নিয়ে আসি। তিনি রতনকে দেখে একটি ইনজেকশন ও একটি স্যালাইন হাতে পুশ করেন। এর কয়েক মিনিট পরই রতন কান্না করে কাপতে থাকে। তখন দ্রুত স্যালাইন খুলে ফেলেন।

এরপর রতনকে তার ছোট ভাই দ্রুত শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে জরুরি বিভাগের চিকিৎসক রতনকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। ঢাকা মেডিকেলে নেওয়ার পথে রতনের মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আবুল বাশার বলেন, চিকিৎসক ধারণা করেছে, বিষক্রিয়ায় রতনের মৃত্যু হয়েছে। এজন্য চিকিৎসক ফতুল্লা থানাকে জানিয়ে ঢাকা মেডিকেলের মর্গে মরদেহ রেখে দিয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের বাসা থেকে পল্লি চিকিৎসকের দেওয়া ঔষধ জব্দ করা হয়েছে।পল্লি চিকিৎসককে পাওয়া যায়নি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোবাশ্বির শ্রাবণ/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।