গাজীপুরে বকেয়া নাইট বিল-ছুটির টাকার দাবিতে শ্রমিক বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি জরুন এলাকায় ‘রিপন নীট ওয়্যার লিমিটেড’ নামের একটি পোশাক কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ করছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে কারখানার ভেতরে অবস্থান নিয়ে শ্রমিকরা এই কর্মসূচি পালন করেন।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গত তিন মাসের বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে শ্রমিকরা দুপুর ১২ টাকা থেকে কর্মবিরতি শুরু করে। পরে তারা বিকেল ৫টার সময় বাসায় চলে যায়। এর আগে সকাল ৮টার সময় শ্রমিকরা কারখানাতে প্রবেশ করলেও কাজ না করে কর্মবিরতি শুরু করেন। এসময় স্টাফদের সঙ্গে শ্রমিকদের বাগ্‌বিতণ্ডা হয়। পরে শ্রমিকরা সবাই অ্যাসেম্বলিতে এসে অবস্থান নেন।

কারখানার শ্রমিক সায়েদুল ইসলাম বলেন, প্রতিদিন রাত ১১ থেকে ১২টা পর্যন্ত ডিউটি করি অথচ ঠিক মতো নাইট বিল পরিশোধ করা হয় না। রোজার মাসেও রাত ১১টা পর্যন্ত ডিউটি করতে হয়।

রিপন নীট ওয়্যার লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা সাদ্দাম হোসেন সাংবাদিকদের জানান, তিন মাসের নাইট বিল পাবেন তারা। তবে আজকে এক মাসেরটা দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু শ্রমিকরা তা মানছে না। শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে স্টাফদের ওপর আক্রমণ করছেন। আমরা কোনো মতে জীবন নিয়ে বের হয়ে এসেছি।

গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, শ্রমিকরা ভেতরে অবস্থান করছে। মালিক পক্ষ আসছে, তাদের সঙ্গে কথা বলছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের পাশাপাশি মেট্রোপলিটন পুলিশও মোতায়েন করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।