নারায়ণগঞ্জে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার
নারায়ণগঞ্জের বন্দর থেকে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এসময় অপহৃত কিশোর ভিকটিমকে উদ্ধার করেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে চরধলেশ্বরী এলাকার ভুট্টাক্ষেত থেকে ভিকটিম উদ্ধারসহ চক্রের পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বৃহস্পতিবার রাতে র্যাব-১১ এর ক্যাপ্টেন ও সহকারী পরিচালক মো. রওনক এরফান খান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতাররা হলেন, ২১ নম্বর ওয়ার্ডের সালেহনগর এলাকার মৃত আলী হোসেনের ছেলে মো. আকাশ (২৪), আমিন আবাসিক এলাকার মৃত আসাদুজ্জামানের ছেলে মো. সিয়াম (২২), নারায়ণগঞ্জ সদর থানার সৈয়দপুর এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে মো. ফয়সাল (২৮), ২২ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকার রাষ্ট্র চন্দ্র শীলের ছেলে সঞ্জয় শীল (২০), সিদ্ধিরগঞ্জের কদমতলি এলাকার জামাল হোসেনের ছেলে মো. বায়েজিদ (২৩)।
র্যাব জানায়, ভিকটিম ঢাকাস্থ আজিমপুরের বাসিন্দা ও স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। ভিকটিম গত এক মাস আগে টিন টিন ডেটিং অ্যাপের মাধ্যমে ইনায়া শেখ নামে একটি আইডির সঙ্গে পরিচিত হন। তাদের পরিচয়ের একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এবং ইনায়া শেখ বিভিন্ন প্রলোভনের ফাঁদে ফেলে তাকে বন্দরের চরধলেশ্বরী এলাকায় আসতে প্ররোচিত করেন। সবশেষ ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ভিকটিম প্ররোচিত হয়ে ওই এলাকায় পৌঁছান।
কিছুক্ষণের মধ্যে ৯-১০ জনের একটি সংঘবদ্ধ দল ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে পাশের একটি ভুট্টাক্ষেতের গভীরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে সঙ্গে থাকা সমস্ত মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় এবং ১০ লক্ষ টাকা দাবি করেন। একপর্যায়ে ভিকটিমের মোবাইল থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে দাবিকৃত টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে ভিকটিমের পরিবার বিকাশের মাধ্যমে ৪ হাজার ৫০০ টাকাও পাঠান।
মো. আকাশ/আরএইচ/জেআইএম