চট্টগ্রামে দেশি-বিদেশি জাল মুদ্রাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
দেশি-বিদেশি জাল মুদ্রাসহ র‍্যাবের হাতে গ্রেফতার মো. সোহেল চৌধুরী

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার আহমদিয়া হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ মো. সোহেল চৌধুরী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৭।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ওই এলাকার জাহানারা বিল্ডিংয়ের একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, আহমদিয়া হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে জাল মুদ্রা মজুত রেখে বিক্রির প্রস্তুতি চলছে। পরে র‍্যাবের একটি দল বিকেল প্রায় তিনটার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় ফ্ল্যাট থেকে সোহেল চৌধুরীকে আটক করা হয়।

অভিযানের সময় তার কাছ থেকে ৭৪ হাজার ৫০০ নকল ভারতীয় রুপি, ১০০ নকল সংযুক্ত আরব আমিরাতের দিরহাম এবং ১ হাজার ৭০০ নকল মার্কিন ডলার জব্দ করা হয়। আটক সোহেল চৌধুরীর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বলে জানিয়েছে র‍্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিকে ও উদ্ধার করা জাল মুদ্রা পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বায়েজিদ বোস্তামী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।