বরিশালে দিনভর আইনজীবীদের আদালত বর্জন, ভোগান্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

সভাপতির মুক্তিসহ তিন দাবিতে বরিশালের সব আদালত বর্জন করেছে আইনজীবী সমিতি। এতে ভোগান্তিতে পড়েছেন বিচারপ্রার্থীরা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে এ কর্মসূচি শুরু করা হয় বলে জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক ও মহানগর দায়রা জজ আদালতের পিপি নাজিমউদ্দিন আহমেদ পান্না।

তিনি বলেন, বরিশাল বারের সভাপতি সাদিকুর রহমান লিংকনকে বুধবার গ্রেফতার করেছে। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তার অধীন কর্মচারীকে দিয়ে আমিসহ (পান্না) অন্যান্য সিনিয়র আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করিয়েছে। তারই প্রতিবাদে গতকাল ছিল দুটি আদালত। আজ (বৃহস্পতিবার) বরিশালের সকল আদালত বর্জনের কর্মসূচি চলছে।

বিচারপ্রার্থীদের ভোগান্তির বিষয়ে তিনি বলেন, বড় একটা মঙ্গলের জন্য ছোট ক্ষয়ক্ষতি মেনে নিতে হয়।

নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি সাঈদ চৌধুরী বলেন, ফ্যাসিবাদের সময় নিয়োগ পাওয়া বিচারকরা ফ্যাসিবাদকে জামিন দিয়েছে। তার প্রতিবাদ করায় বারের সভাপতিসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। কোর্ট প্রাঙ্গণ থেকে সাধারণ মানুষ গ্রেফতার করার বিধান নাই। সেখানে বারের সভাপতিকে তার কার্যালয় থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তার মুক্তি না হওয়া পর্যন্ত কোর্ট বর্জন চলবে।

এদিকে আইনজীবীদের আন্দোলন করার কারণে কোর্ট চলছে না জানিয়ে বিচার প্রার্থী নারী সালেহা বেগম বলেন, মেহেন্দিগঞ্জের আন্ধারমানিক থেকে এসেছি। বসে আছি কোর্ট খোলার অপেক্ষায়। অনেক দূরে তো চলে গেলে আসবো কীভাবে।

ঢাকা থেকে মামলার হাজিরা দিতে আসা মো. মনির বলেন, ঢাকা থেকে এসেছি। এখন যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা তো বিপদে পড়ব। আমি চাই সভাপতি যদি ভালো হন, তাকে মুক্তি দিয়ে কোর্ট চলার ব্যবস্থা করা হোক।

এর আগে গত সোমবার বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসকে জামিন দেয় একটি আদালত। তার জামিনের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে বরিশালের মুখ্য মহানগর হাকিম এবং অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত বর্জন করে বিক্ষোভ করেন বিএনপিপন্থি আইনজীবীরা। বিক্ষোভ শেষে দুপুরে আদালতের এজলাসে হট্টগোল ও ভাঙচুরের অভিযোগ ওঠে। তখন বিচারক এস এম শরিয়তুল্লাহ এজলাস ছেড়ে যান।

এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলা করেন।

তারপর বুধবার দুপুরে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শাওন খান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।