বরগুনায় জবাই করা হরিণসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ০৩ মার্চ ২০২৬

বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা খাল এলাকায় অভিযান চালিয়ে জবাই করা দুটি হরিণ ও শিকারের ফাঁদসহ এক শিকারিকে আটক করেছে কোস্টগার্ড ও বন বিভাগ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মঙ্গলবার (৩ মার্চ) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাদুরতলা খাল সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি মো. হানিফ (৪৫) পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল বাশারের ছেলে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের সহযোগিতায় অভিযান চালিয়ে আনুমানিক ৪ মণ (প্রায় ১৬০ কেজি) ওজনের জবাই করা দুটি হরিণ উদ্ধার করা হয়। এ সময় হরিণ শিকারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলার, প্রায় ৯০০ ফুট ফাঁদ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানের সময় আরও ৪ থেকে ৫ জন চোরাশিকারি পালিয়ে যায়। পরে সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. পনির শেখ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পাথরঘাটা, আটক মো. হানিফকে এক বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

পাথরঘাটা সদর বিট কর্মকর্তা মো. আব্দুল হাই জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি মৃত হরিণসহ একজনকে আটক করা হয়েছে। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে এ সময় চার থেকে পাঁচজন পালিয়ে যায়। আটক আসামিকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে। এছাড়া ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধারকৃত জবাইকৃত মৃত হরিণ দুটিকে কেরোসিন তেল মেখে মাটিচাপা দেওয়া হয় বলে বন বিভাগ জানিয়েছে।

নুরুল আহাদ অনিক/এনএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।