যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৮ হাজার টন গম এলো মোংলা বন্দরে

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১২ মার্চ ২০২৬

মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পঞ্চম চালানের ৫৮ হাজার ৫০০ টন গম খালাস কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল থেকে মার্শাল আইল্যান্ড পতাকাবাহী ‘এমভি ক্যালাপসো এন’ জাহাজ থেকে এই গম খালাস করা হচ্ছে। এর আগে বুধবার (১১ মার্চ) জাহাজটি বন্দরের ফেয়ারওয়ে বয়ায় নোঙর করে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘সেভেন সিসে’র ব্যবস্থাপক আবুল হাসেম শামিম জানান, গত ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের কালামা বন্দর থেকে জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। ১১ মার্চ বন্দরের ফেয়ারওয়ে বয়ায় এসে নোঙ্গর করে জাহাজটি। এরপর গমের নমুনা সংগ্রহ ও পরীক্ষা শেষে বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল থেকে ওই জাহাজ থেকে গম খালাসের কার্যক্রম শুরু হয়।

মোংলা খাদ্য অফিসের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবহান সরদার জানান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে জি টু জি’র চুক্তির আওতায় এই গম আমদানি কার্যক্রম চালু রয়েছে। এর আওতায় মোংলা বন্দরে মোট চার লাখ ৫০ হাজার টন গম আমদানি করা হবে। এরই মধ্যে সেই গমের পঞ্চম চালান হিসেবে গম নিয়ে জাহাজ মোংলা বন্দরে অবস্থান করছে।

যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৮ হাজার টন গম এলো মোংলা বন্দরে

তিনি আরও বলেন, এর আগে গত বছরের ২ নভেম্বর প্রথম চালানে ২২ হাজার ৭৮০ টন, ১৪ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ টন, চলতি বছরের ৫ জানুয়ারি তৃতীয় চালানে ২২ হাজার ৭৫৬ টন গম এবং ১ ফেব্রুয়ারি চতুর্থ চালানে আমদানি করা হয় ৫৬ হাজার টন গম।

তিনি জানান, সেসব গম প্রথমে সরকারি খাদ্য গুদাম মোংলা সাইলোতে মজুত করে রাখা হয়। এরপর সেখান থেকে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

জানা যায়, বাণিজ্য ঘাটতি মেটাতে গত বছর জুলাই মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকারের এমওইউ সই হয়, যার মেয়াদ পাঁচ বছর।

আবু হোসাইন সুমন/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।