চাঁদপুরে মরা মুরগি বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ১২ মার্চ ২০২৬

চাঁদপুরে মরা মুরগি ও রক্ত মিশ্রিত মাংস বিক্রির অপরাধে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে শহরের বাবুরহাট বাজারে পরিচালিত বিশেষ অভিযানে এই জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, অভিযান চলাকালে বাজারের একটি মুরগির দোকানে মৃত মুরগি বিক্রির প্রস্তুতির বিষয়টি নজরে আসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের। পরে ঘটনাস্থলে যাচাই-বাছাই করে মেসার্স ভূইয়া এন্টারপ্রাইজ নামের ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

দোকানটিতে মৃত ১০টি মুরগি আলাদা করে না রেখে বিক্রির উদ্দেশ্যে কৌশলে সংরক্ষণ করা হচ্ছিল। বিষয়টি ধরা পড়ার পর তাৎক্ষণিকভাবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। তবে অভিযুক্ত ব্যবসায়ীর দাবি, অসাবধানতাবশত মৃত মুরগিগুলো দোকানে রাখা হয়েছিল এবং সেগুলো বিক্রির উদ্দেশে রাখা হয়নি।

এদিকে একই অভিযানে বাজারের আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়। মাংসের চর্বির সঙ্গে রক্ত মিশিয়ে বিক্রির অভিযোগে একটি মাংসের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে বিদেশি কসমেটিকস পণ্যে আমদানিকারকের বাধ্যতামূলক স্টিকার না থাকায় ফাতেমা ফ্যাশনকে ৩ হাজার টাকা এবং একই অপরাধে আখি কসমেটিকসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, বাজারে ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো ব্যবসায়ী অনিয়ম বা প্রতারণার আশ্রয় নিলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

শরীফুল ইসলাম/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।