পদ্মায় ডুবে যাওয়ার ১৬ ঘণ্টা পর তেলবাহী লরি উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ১২ মার্চ ২০২৬

মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ডুবে যাওয়া তেলবাহী লরিটি দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বিআইডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় লরিটি নদী থেকে তীরে তুলে আনা হয়।

বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। লরিটিতে প্রায় ২৪ হাজার লিটার সয়াবিন তেল ছিল। লরিটি যশোর থেকে নারায়ণগঞ্জের উদ্দেেশে রওনা দিয়েছিল। পথে দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে করে পদ্মা নদী পার হয়ে পাটুরিয়া ঘাটে নামে লরিটি। ফেরি থেকে পন্টুন হয়ে সড়কে ওঠার সময় ঢালু পথে হঠাৎ লরিটির ব্রেক বিকল হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি পেছনের দিকে সরে গিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায় এবং একপর্যায়ে পানির নিচে ডুবে যায়।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লরির চালক শরীফ ও তার সহকারীকে জীবিত উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী। তিনি জানান, ডুবে যাওয়া লরির চালক ও সহকারীকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং লরিটি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘ সময় ধরে নিরলসভাবে কাজ করেছে।

বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রবিউল আলম বলেন, ফেরিঘাটের ৫ নম্বর পন্টুন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী লরিটি পদ্মা নদীতে পড়ে যায়। দীর্ঘ চেষ্টা শেষে উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে লরিটি উদ্ধার করা হয়েছে। লরিতে থাকা প্রায় ২৪ হাজার লিটার সয়াবিন তেলের ড্রাম অক্ষত রয়েছে।

মো. সজল আলী/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।