চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৩:১৭ এএম, ১০ মার্চ ২০২৬

চাল আত্মসাতের অভিযোগ তুলে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবিরকে মারধর করেছে বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িছে পড়েছে। পরে ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের সামনে এ হামলার ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায়, একদল লোক ইউপি চেয়ারম্যান হুমায়ন ও তার লোকজনকে মারতে মারতে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বাইরে নিয়ে যাচ্ছেন। হামলার একপর্যায়ে হুমায়ন দৌড়ে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে আশ্রয় নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নিয়ামতি ইউনিয়ন পরিষদে ভিজিডি চাল আত্মসাতের অভিযোগ ওঠে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ ইউনিয়ন পরিষদে একটি তদন্ত দল পাঠান। তদন্তে বাকেরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ চাল আত্মসাতের কোনো প্রমাণ পায়নি।

এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার তার নেতাকর্মীদের নিয়ে ইউপি কার্যালয়ে গিয়ে চেয়ারম্যান হুমায়ন কবিরের ওপর হামলা চালায়।

ভুক্তভোগী হুমায়ন কবির বলেন, বিএনপি নেতারা চাল আত্মসাতের মিথ্যা অভিযোগ এনেছে। ট্যাগ অফিসারসহ তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থলে তদন্ত করে কোনো প্রমাণ পাননি। তারপরও হামলা করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের প্রাথমিক কোনো প্রমাণ পাননি তারা। তাদের উপস্থিতিতে হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার বিস্তারিত ইউএনওকে জানানো হয়েছে।

অভিযুক্ত বিএনপি নেতা সোহেল সিকদার বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের খবর পেয়ে ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম। তবে হঠাৎ করে এ রকম হামলার ঘটনা ঘটবে বুঝতে পারিনি।

বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান মিয়া বলেন, এ ধরনের একটি ঘটনা শুনেছি। দলের নেতাদের সঙ্গে আলোচনা করে হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, নিয়ামতি ইউনিয়ন পরিষদে একটু ঝামেলা হয়েছিল। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, ইউপি চেয়ারম্যানের উপর হামলার একটি ভিডিও দেখেছি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শাওন খান/এমএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।