নিখোঁজের পরদিন প্রতিবেশীর ছাদে মিললো শিশুর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১৫ মার্চ ২০২৬

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের একদিন পর প্রতিবেশীর বাড়ির ছাদ থেকে আব্দুর রহমান নামের ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) দুপুরে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামের একটি বাড়ির ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুর রহমান চরমরজাল গ্রামের শুকুর আলীর ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৪ মার্চ) সকাল থেকে নিখোঁজ ছিল শিশু আব্দুর রহমান। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় একটি নিখোঁজ জিডি করা হয়। আজ দুপুরে প্রতিবেশী ইদ্রিস মিয়ার বাড়ির ছাদে শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, মরদেহের আলামত যেন নষ্ট না হয় সেজন্য পুলিশ কাজ করছে। সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে আছেন।

সঞ্জিত সাহা/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।