নোয়াখালী

ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ পদবঞ্চিতদের, ককটেল বিস্ফোরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ০৪ মে ২০২৬

নোয়াখালী জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। তারা বিক্ষোভ মিছিলের পর সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।

সোমবার (৪ মে) বেলা সাড়ে ১১টায় জেলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। এসময় মসজিদ মার্কেটের সামনে পৌঁছালে সেখানে ৮-১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা মাইজদী টাউন হল মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে ও রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টাউন হল মোড়ে বিক্ষোভ চলাকালে ইটের আঘাতে এক পথচারী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। তবে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নিয়ে নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা।

তাদের অভিযোগ, যারা দলের জন্য ত্যাগী তাদের মূল্যায়ন না করে অছাত্রদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। এসময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন ও অনতিবিলম্বে বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান।

বিক্ষোভ ও সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদল নেতা আনোয়ার হোসেন রকি, মো. ওয়াসিম, জিহাদুল ইসলাম সজিব, শাহেদ বাবু, তারেক নুরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এই কমিটি বাতিল না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, যাচাই-বাছাই করে কমিটি গঠন করা হয়েছে। তবে কেউ বলতে পারবে না কাউকে বঞ্চিত করা হয়েছে। যে যেখানে উপযুক্ত তাকে সেখানেই চিন্তা করা হয়েছে।

এর আগে এন বি এস রাসেলকে সভাপতি ও জিয়াউর রহমান রাহানকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

ইকবাল হোসেন মজনু/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।