ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২১ মার্চ ২০২৬

পবিত্র ঈদুল ফিতরের আনন্দের দিনে ফরিদপুরের সদরপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) ঈদের নামাজের পর সকাল ১১টার দিকে উপজেলা সদর এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের জামাত শেষে মানুষ যখন একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বাড়ি ফিরছিলেন, ঠিক তখনই একটি পাগলা কুকুর অতর্কিত আক্রমণ শুরু করে। কুকুরটি সামনে যাকে পেয়েছে তাকেই কামড়ে রক্তাক্ত করে। এতে মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৬

ভুক্তভোগী এক শিশুর স্বজন মো. সোহাগ মুন্সি জানান, কুকুরটি হঠাৎ করে বেপরোয়া হয়ে ওঠে। আমার ১৩ বছরের ভাতিজা আরাফাতকেও কামড়ে আহত করেছে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মমিনুর রহমান সরকার জাগো নিউজকে বলেন, আহতদের মধ্যে এগারো জনকে আমাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি পাঁচজন পার্শ্ববর্তী হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এন কে বি নয়ন/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।