তেল সংকট

চাঁপাইনবাবগঞ্জে অর্ধেকে নেমেছে দূরপাল্লার বাস চলাচল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ২৮ মার্চ ২০২৬

জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল প্রায় অর্ধেকে নেমে এসেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদ করতে যাওয়া যাত্রীরা।

শনিবার (২৯ মার্চ) সকাল থেকেই জেলার বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে। বাস না থাকায় গন্তব্যে যেতে না পেরে অনেকেই পড়েছেন বিপাকে। বিশেষ করে ঈদ করতে যাওয়া মানুষ বেশি দুর্ভোগে পড়ছেন।

এদিকে যাত্রীরা অভিযোগ করেন, বাস কম থাকায় ভাড়া বেড়েছে। নির্ধারিত সময়ে যানবাহন না পাওয়ায় সময় ও অর্থ—দুইই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরিফুর রেজা নামের এক যাত্রী জাগো নিউজকে বলেন, সকাল ৯টার ঢাকাগামী হানিফ ট্রাভেলসের টিকিট কেটেছিলাম। কিন্তু তেল না থাকায় বাস নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর, অর্থাৎ বেলা ১১টায় ছাড়ে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

আতিকুর রহমান স্বজন নামের আরও এক যাত্রী বলেন, সকাল ১০টায় চট্টগ্রামগামী একটি বাসের টিকিট কেটেছিলেন। কিন্তু তেলের অভাবে বাসটি নির্ধারিত সময়ে ছাড়েনি।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, তেলের সরবরাহ স্বাভাবিক না থাকায় বেশিরভাগ পরিবহনই ট্রিপ কমিয়ে দিয়েছে। ফলে প্রতিদিনের তুলনায় অর্ধেকেরও কম বাস চলাচল করছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজান রাজন জানান, জ্বালানির সুষম বণ্টন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যাতে কোনো ধরনের কৃত্রিম সংকট বা অবৈধ মজুদ তৈরি না হয় এবং সাধারণ মানুষ সহজে জ্বালানি পেতে পারে।

সোহান মাহমুদ/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।