নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা, চালক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ২৯ মার্চ ২০২৬

নড়াইলে ডিজেল না পেয়ে বাগবিতণ্ডার জেরে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপায় হত্যার ঘটনায় অভিযুক্ত চালক সুজাত মোল্লাকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (২৯ মার্চ) দুপুরে যশোরের বাঘারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, শনিবার রাতে ট্রাকচালক সুজাত মোল্লা ও তার সহযোগী জহুর ওই পাম্পে ডিজেল নিতে যান। চলমান তেল সংকটের কারণে পাম্পে মজুত শেষ হয়ে যাওয়ায় নাহিদ তেল দিতে অপরাগতা প্রকাশ করেন। এ নিয়ে চালক ও সহযোগীর সঙ্গে নাহিদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চালক ও তার সহযোগী নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।

রাত ২টার দিকে ডিউটি শেষ করে নাহিদ ও তার সহকর্মী জিহাদ মোল্লা (২৭) মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। স্টেশন থেকে ১০০ গজ দূরে তুলারামপুর রেল ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয় এবং মোটরসাইকেলের ওপর দিয়ে চালিয়ে দিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থলে নাহিদ সরদারের মৃত্যু হয়। গুরুতর আহত জিহাদ মোল্যাকে নড়াইল জেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যেখানে তিনি চিকিৎসাধীন।

ঘটনার পর থেকে অভিযুক্তরা ট্রাকসহ আত্মগোপনে চলে যান। তবে তথ্য-প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৬ এর একটি চৌকস দল যশোরের বাঘারপাড়ায় অভিযান চালিয়ে ট্রাকচালক সুজাত মোল্লাকে আটক করে।

হাফিজুল নিলু/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।