খসে পড়লো হাসপাতালের পলেস্তারা, অল্পের জন্য রক্ষা পেলেন রোগীর স্বজনরা
কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনের পলেস্তারা ধসে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এক শিশু ও তার বাবা।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের বামনের হাট এলাকার আইরিন বেগম নামের এক রোগীকে দেখতে হাসপাতালে আসেন তার স্বামী ও সন্তান। তারা দ্বিতীয় তলায় উঠামাত্র হঠাৎ করেই ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে সেখানে উপস্থিত এক শিশু ও তার বাবা অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি ঘটার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালে থাকা রোগী ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটির প্রায় সব কক্ষই জরাজীর্ণ হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তানজিরুল ইসলাম জানান, দ্রুত সময়ের মধ্যে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণ করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
রোকনুজ্জামান মানু/এমএন/জেআইএম