রিকশাচালকের মেয়েকে নির্বাচনি পরীক্ষা দিতে দেননি অধ্যক্ষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ০৯ এপ্রিল ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে বেতন পরিশোধ করতে না পারায় এক রিকশাচালকের মেয়েকে নির্বাচনি পরীক্ষায় অংশ নিতে না দেওয়ার অভিযোগ উঠেছে এক কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে। এছাড়া ফি কমানোর আবেদন করতে গেলে ওই শিক্ষার্থীর অভিভাবককেও প্রতিষ্ঠান থেকে অপমান করে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত ওই অধ্যক্ষের নাম মো. মাহফুজ ভুঁইয়া। তিনি উপজেলা দাউদকান্দি উপজেলার বরকোটা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

খোঁজ নিয়ে জানা গেছে, ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম জান্নাতুল ফেরদৌস। তিনি চলতি বছর বরকোটা স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী। কলেজে তার ১১ হাজার টাকার মতো বেতন বকেয়া রয়েছে। সেই টাকা দিতে না পারায় তাকে নির্বাচনি পরীক্ষায় অংশ নিতে দেননি ওই কলেজ অধ্যক্ষ। এরমধ্যে গত ৩০ মার্চ শেষ হয়েছে তার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফরম পূরণের তারিখও।

শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসের বড় বোন সীমা আক্তার জানান, জান্নাতের রেজাল্ট ভালো হওয়া সত্ত্বেও কলেজের প্রায় ১১ হাজার টাকা বকেয়া থাকায় তাকে নির্বাচনি পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। তিনি বলেন, আমরা পাঁচ বোন। বাবা আগে রিকশা চালাতেন, এখন বয়সের কারণে পারেন না। আমরা অধ্যক্ষ স্যারের কাছে বকেয়া মওকুফের অনুরোধ করতে গেলে তিনি আমাদের অপমান করে বের করে দেন। তিনি হুমকি দিয়ে বলেন—টাকা ছাড়া কী মাগনা পড়াব? জান্নাতকে বারবার অপমান করায় সে মানসিকভাবে ভেঙে পড়েছে।

এ বিষয়ে বরকোটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মাহফুজ ভূঁইয়া বলেন, সে গত দুই বছর প্রতিষ্ঠানকে এক টাকাও দেয়নি। এ প্রতিষ্ঠানের সভাপতি এখন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার। আমরা তো সভাপতির কথার বাইরে কিছু করতে পারি না। ইউএনওর কাছে গেছে, থানায়ও গেছে। আমি নাকি দুর্ব্যবহার করছি। ইউএনও তাকে ধমকাইয়া বের করে দিয়েছে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরকোটা স্কুল এন্ড কলেজের সভাপতি নাছরিন আক্তার বলেন, বিষয়টি আমার জানা নেই। আর জান্নাতুল ফেরদৌস বা তার পরিবারের কোনো সদস্য আমার কার্যালয়ে আসেনি।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যামিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, বিষয়টি দুঃখজনক। অনলাইনে ফরম পূরণের সময় শেষ। প্রতিষ্ঠান প্রধান আন্তরিক হলে ম্যানুয়ালি আবেদন করতে পারবে। তাহলে সে পরীক্ষা অংশ গ্রহণ করতে পারবে।

জাহিদ পাটোয়ারী/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।