বুড়িমারীতে পাথরের ট্রাকে মর্টার শেলসদৃশ বস্তু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ০৯ এপ্রিল ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা একটি পাথরবাহী ট্রাকে মর্টার শেলসদৃশ বস্তু পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে বিষয়টি জানাজানি হলে এলাকায় ভিড় জমায় স্থানীয়রা।

প্রাথমিকভাবে জানা গেছে, পাথরের ট্রাক থেকে এক শ্রমিক বস্তুটি দেখতে পেয়ে মূল্যবান কিছু মনে করে সেটি নিজের বাড়িতে নিয়ে যায়। পরে সেটি বুড়িমারী মাছের বাজার সংলগ্ন উঁচু সেতুর ধারে রাখা হলে স্থানীয়দের মধ্যে সন্দেহ হয় এবং বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছান। বর্তমানে বস্তুটিকে ঘিরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নজরদারি বাড়িয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের ধারণা, ছোট আকারের বোমার মতো দেখতে এ মর্টার শেলটি পরিত্যক্ত হতে পারে। তবে বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, সেখানে পুলিশ পাঠানো হয়েছে এবং বিজিবি সদস্যরাও উপস্থিত রয়েছে।

মহসীন ইসলাম শাওন/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।