মাদকসেবী-কারবারিদের উত্তমমধ্যম দিয়ে পুলিশে দিন: বাবর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ১২ এপ্রিল ২০২৬

স্থানীয় লোকজন ও নেতাকর্মীদের উদ্দেশ্যে নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরি) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর বলেছেন, মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। মাদকসেবী বা মাদক কারবারি দেখলে উত্তমমধ্যম দিয়ে আপনারা পুলিশে সোপর্দ করবেন।

নেত্রকোনার মদন উপজেলার হাওরে বোরোধান কাটার উদ্বোধন করেছেন নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরি) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

রোববার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার গোবিন্দশ্রী হাওরে বোরোধান কাটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, এখন এলাকায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যত্রতত্র মাদক পাওয়া যাচ্ছে। এটা আমাদের সমাজের একটা ভয়ংকর বিপর্যয় ডেকে আনছে। অনেক কিশোর যুবক মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। এতে অপরাধ বেড়ে যাচ্ছে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।

তিনি আরও বলেন, কৃষকের কী কী সমস্যা রয়েছে জানতে এলাম। জ্বালানি তেলের সংকট থাকলেও ধান কাটার হারভেস্টারের জন্য সহজে ডিজেল পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

মাদকসেবী-কারবারিদের উত্তমমধ্যম দিয়ে পুলিশে দিন: বাবর

বৃষ্টির পানি জমে যেন কৃষকের ফসল ক্ষতি না হয় সেজন্য খাল খননসহ পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষকের স্বার্থে প্রয়োজনীয় সবকিছু করা হবে। এটাই আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ।

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কয়দিন পরে হাওরে পানি আসবে। হাওরের মৎস্য সম্পদ রক্ষায় চায়না দোয়ারী ও কারেন্ট জালসহ সকল অবৈধ জাল দিয়ে মাছ ধরা বন্ধ করতে হবে। এসব জাল পেলে পুড়িয়ে ফেলা হবে। যে তিন মাস সরকারিভাবে মাছ ধরা নিষিদ্ধ, সেসময় মাছ ধরা বন্ধ রাখতে হবে।

তিনি আরও বলেন, আপনারা হাওরের মা মাছ ও পোনা মাছ ধরবেন না। আমি নিজেও পোনা মাছ ছাড়বো। সেই পোনা বড় হবে, অনেক সম্পদ হবে। আপনারা গ্রামে গ্রামে কমিটি গঠন করবেন যাতে কেউ মা মাছ ও পোনা মাছ না ধরতে পারে। প্রশাসনকে বলে দিয়েছি, যেখানেই কারেন্ট জাল পাবে সেখানেই পুড়িয়ে দেওয়া হবে। আর এই তিন মাস যেন হাওর অঞ্চলের জেলেরা কষ্টে না থাকে সে ব্যাপারে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলব যাতে প্রকৃত জেলেরা সরকারের কাছ থেকে প্রণোদনা পান।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেতবতী মিস্ত্রী, উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সম্পাদক শেখ আব্দুল কাদির, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মিজান, দলের নেতাকর্মী ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

এইচ এম কামাল/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।