উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ১৫ এপ্রিল ২০২৬

কক্সবাজারের উখিয়া সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন অঞ্চলে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. ইউনুস নামে ক্যাম্পের এক রোহিঙ্গা যুবকের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

বুধবার (১৫ এপ্রিল) সকালের দিকে উখিয়ার পালংখালী সীমান্তের বিপরীতে মিয়ানমারের রাখাইনের অভ্যন্তরে চাকমাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রোহিঙ্গা যুবক মো. ইউনুছ উখিয়া ক্যাম্প-১৯-এর বাসিন্দা। বিস্ফোরণের পর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

ক্যাম্প-১৯-এর রোহিঙ্গা মাঝি লিয়াকত হোসেন বলেন, ক্যাম্প থেকে অনেক রোহিঙ্গা মাছ ধরতে নাফ নদীতে যায়। সেখান থেকে তারা কখনও কখনও মিয়ানমারের রাখাইন সীমান্তে চলে যায়। ফলে প্রায়ই সেখানে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, বুধবার সকালে আমাদের ক্যাম্পের মো. ইউনুস নামে এক ব্যক্তি মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন। এতে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

উখিয়া (৬৪ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম বলেন, ক্যাম্পের এক রোহিঙ্গা মিয়ানমার অভ্যন্তরে মাইন বিস্ফোরণে আহত হয়েছে বলে জেনেছি। তবে ক্যাম্প থেকে কিছু কিছু রোহিঙ্গারা মাছ ধরার নাম করে কৌশলে মিয়ানমার রাখাইন সীমান্তে চলে যায়। তবে সীমান্তে বিজিবির যথেষ্ট নিরাপত্তা জোরদার আছে।

জাহাঙ্গীর আলম/এনএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।