১১ আসামির খালাসের রায় বহালের প্রতিবাদে মহাসড়ক অবরোধ


প্রকাশিত: ০৯:১৮ এএম, ১৭ জুলাই ২০১৬

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

রোববার দুপুরে আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ১১ আসামির খালাসে হাইকোর্টের আদেশ আপিল বিভাগ কর্তৃক ‘নো অর্ডার’ রায় ঘোষণার প্রতিবাদে তারা এ সড়ক অবরোধ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জনায়, রায় ঘোষণার পর স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্থানীয় জনতা মিলগেট, কলেজ গেট এবং চেরাগআলী এলাকায় বেলা দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পরিত্যক্ত টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও বেলা আড়াইটা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। এতে ওই মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে টঙ্গীর নেওয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সন্ত্রাসীদের গুলিতে আহসানউল্লাহ মাস্টার নিহত হন। পরে ওই মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক ২০০৫ সালের ১৬ এপ্রিল বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ২২ আসামিকে মৃত্যুদণ্ড এবং ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। রায়ে দুই আসামি খালাস পান।

গত ১৫ জুন আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন হাইকোর্ট। রায়ে অপর ১১ আসামিকে খালাস দেওয়া হয়। পরে আপিল করলে ১১ আসামিকে খালাস করে দেয়া হাইকোর্টের রায় ১৪ জুলাই পর্যন্ত স্থগিত করেন চেম্বার আদালত।

একই সঙ্গে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়। সে অনুযায়ী রোববার আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ১১ আসামিকে খালাস দেয়া হাইকোর্টের রায় স্থগিত সংক্রান্ত বিষয়ে  ‘নো অর্ডার’ দিয়েছেন আপিল বিভাগ।

আমিনুল ইসলাম/এফএ/আরআইপি/এমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।