পথ হারানো নারীকে সন্তানের সামনেই দুই দফা ধর্ষণ, একজন গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ২৭ এপ্রিল ২০২৬

ময়মনসিংহের নান্দাইলে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার সময় পথ হারানো এক নারীকে (২৮) দুই দফায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার পর হেলাল উদ্দিন (৫৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) রাতে নান্দাইল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

ভুক্তভোগী নারী দুই কন্যাসন্তানের জননী। তার বাবার বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশায়। শ্বশুরবাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।

স্থানীয় লোকজন, ভুক্তভোগী নারী ও মামলা সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি ভালুকায় যাওয়ার পথে রাস্তা হারিয়ে নান্দাইল চৌরাস্তা এলাকার চলে আসেন ওই গৃহবধূ। এসময় সন্ধ্যায় কয়েকজন লোক তাকে শ্বশুরবাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নান্দাইল চৌরাস্তা থেকে তাড়াইল সড়কের শিমুলতলা এলাকার একটি বিলে নিয়ে যান। সেখানে চারজন তাকে পালাক্রমে ধর্ষণ করেন। পরে আরও দুজন ওই এলাকার একটি বাড়িতে নিয়ে আরেক দফা ধর্ষণ করেন। পরে ওই নারীকে বাড়িটি থেকে বের করে এনে শিমুলতলা এলাকায় রাস্তায় রেখে যান তারা।

এসময় ওই নারী শিশুকে কোলে নিয়ে রাস্তায় বসে কাঁদছিলেন। রাতে শিমুলতলা এলাকার ইজিবাইকচালক সুজন মিয়া তাকে কান্নারত অবস্থায় দেখতে পান। এসময় কান্নার কারণ জিজ্ঞাসা করলে তিনি ধর্ষণের ঘটনা খুলে বলেন। ঘটনার বিস্তারিত শোনার পর ইজিবাইকচালক সুজন ওই নারীকে তার বাড়িতে এনে আশ্রয় দেন।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে শনিবার সুজন মিয়ার বাড়ি থেকে ওই নারীকে তার শিশুসহ উদ্ধার করে চিকিৎসার জন্য নান্দাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ওই নারীর বাবা এসে মামলা করলে জবানবন্দি নিয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় এরইমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

কামরুজ্জামান মিন্টু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।