নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা
মৌলভীবাজারের বড়লেখায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে নিজেদের ছোড়া গুলিতে অন্য এক ডাকাত নিহত হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম ওরফে ছয়ফুল (৩২)। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের ফজলুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামের আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন। ওই বাড়িতে তার আত্মীয় গিয়াস উদ্দিন পরিবার নিয়ে বসবাস করেন এবং বাড়িটি দেখাশোনা করেন। সোমবার দিনগত গভীর রাতে বৃষ্টির সময় একদল ডাকাত আব্দুল কুদ্দুসের বাড়ির রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। দরজা ভাঙার শব্দে পরিবারের সদস্যরা জেগে ওঠেন।
এসময় গিয়াস উদ্দিন চিৎকার শুরু করেন। অবস্থা বেগতিক দেখে ডাকাত দলের এক সদস্য তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে অন্ধকারে ছোড়া সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা একই দলের সদস্য সাইফুল ইসলামের মাথায় বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিস্থিতি বেগতিক দেখে অন্য ডাকাতরা গুলিবিদ্ধ সঙ্গীকে ঘটনাস্থলেই ফেলে দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এম ইসলাম/এসআর/এমএস