থানায় তদবির করতে গিয়ে গ্রেফতার বিএনপি নেতা
সিরাজগঞ্জের তাড়াশে মসজিদের পুকুরে মাছ লুট ও সংঘর্ষের মামলার প্রধান আসামি হয়ে থানায় তদবির করতে গিয়ে গ্রেফতার হয়েছেন আব্দুর রাজ্জাক নামের এক বিএনপি নেতা। তিনি উপজেলার তালম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গাবরগাড়ী গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জাগো নিউজকে জানান, আব্দুর রাজ্জাক একটি পুকুরে মাছ লুট ও সংঘর্ষের মামলার প্রধান আসামি। তিনি সোমবার (২৭ এপ্রিল) দিনগত রাতে ওই মামলার বিষয়ে তদবির করতে এলে তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গাবরগাড়ি জামে মসজিদের একটি পুকুর দখল নিয়ে মসজিদ কমিটির সঙ্গে ইউনিয়ন তাঁতীদলের সভাপতি এনামুল হক ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের দীর্ঘদিনের বিরোধ চলছিল আসছিল। এরই পরিপ্রেক্ষিতে গত ১৭ এপ্রিল এনামুল ও রাজ্জাকের নেতৃত্বে নেতৃত্বে ১৫-১৮ জন ওই মসজিদের পুকুরে বিষ প্রয়োগ করে ৮-১০ লাখ টাকার মাছ জাল ফেলে তুলে নেন। এসময় মসজিদ কমিটি নিষেধ করলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা করতে যান তারা।
পরে মসজিদ কমিটির লোকজন ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানান। কিন্তু পুলিশ ঘটনাস্থলে যেতে বিলম্ব করলে তারা মাছ নিয়ে চলে যান। এ ঘটনায় মসজিদ কমিটির সভাপতি আলতাফ হোসেন বাদী হয়ে বিএনপি নেতা এনামুল হক ও আব্দুর রাজ্জাকসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন।
থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পেয়ে পরেরদিন দিকে মসজিদ কমিটি এবং গ্রামবাসী যৌথভাবে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করে। পরে বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও এনামুল হক বিষয়টি জানতে পেরে সংঘবদ্ধভাবে মানববন্ধনে উপস্থিত হওয়া মসজিদ কমিটির সভাপতির ওপর হামলা চালান। পরে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ২০ জন আহত হন।
এম এ মালেক/এসআর/এমএস