রংপুরে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন বিক্রি, কলেজছাত্র আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ৩০ এপ্রিল ২০২৬

রংপুরে চলমান মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে প্রতারণার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নগরীর শালবন এলাকার একটি মেস থেকে তাকে আটক করা হয়।

আটক শিক্ষার্থী আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা গ্রামে। শিশু আইনের বিধান অনুযায়ী তার নাম ও বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, একটি চক্র অনলাইনে ভুয়া প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে প্রতারণা করে আসছিল। পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখার অনুসন্ধানে রংপুর নগরীতে এই প্রতারকের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে শালবন এলাকার আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন একটি মেসে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষার্থীকে ডিজিটাল ডিভাইসসহ আটক করা হয়।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী স্বীকার করেছে, সে অনলাইনে ভুয়া প্রশ্নপত্র বিক্রির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিত। তার স্মার্টফোনে এ সংক্রান্ত ডিজিটাল প্রমাণ এবং বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টে সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

সনাতন চক্রবর্তী আরও জানান, অনলাইনে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ও পরীক্ষার পবিত্রতা নষ্টের চেষ্টার অভিযোগে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলমান রয়েছে। এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

জিতু কবীর/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।