চাঁদপুর

নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে জেলেরা, ফিরেছে কর্মচাঞ্চল্য

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১১:৪১ এএম, ০১ মে ২০২৬

দুই মাসের নিষেধাজ্ঞার পর চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যরাতে জেলেরা নদীতে নামলেও কাঙ্ক্ষিত ইলিশ মেলেনি। এতে কিছুটা হতাশ হয়েছেন জেলেরা। ব্যস্ততা ফিরেছে বড়স্টেশন মাছঘাটের ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে।

শুক্রবার (১ মে) সকালে চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশের পাইকারি বেচাকেনা শুরু হওয়ায় জেলে, ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য দেখা গেছে। হাঁকডাকে মুখর হয়ে উঠেছে মাছঘাট।

চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশ নিয়ে আসা জেলে শেখ ফরিদ ও ইয়াসিন জানান, দু’মাস মাছ ধরা বন্ধ ছিল। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মধ্যরাতে ইলিশ ধরতে নদীতে নেমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেমন মাছ পায়নি জেলেরা। কিছু মাছ পেয়েছে, যা দিয়ে খরচ উঠবে। এখন যদি মাছ না পায় ঋণ-কিস্তি পরিশোধ করতে কষ্ট হবে। তবে সামনে আরও বৃষ্টি ও নদীর পানি বাড়লে ইলিশ পাওয়ার সম্ভাবনা বাড়বে।

ইলিশ ব্যবসায়ী ওচমান বেপারী ও নাহিদ হাসান জানান, নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকলে বড়স্টেশন মাছঘাটেও সব বেচাকেনা বন্ধ থাকে। এখন দু’মাস পর আবার বেচাকেনা শুরু হয়েছে। দীর্ঘদিন শ্রমিক ও ব্যবসায়ীরা অলস সময় পার করছে। ঘাটে মাছ আসায় এখন সরগরম হয়ে উঠেছে।

মৎস্য ব্যবসায়ীরা জানান, বর্তমানে এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা। এককেজি ওজনের নিচের ইলিশ আড়াই হাজার থেকে ৩ হাজার। তারা আশা করছেন ধীরে ধীরে নদীতে ইলিশের সরবরাহ বাড়বে। তখন কেনাবেচা আরও জমে উঠবে এবং বাজারে ইলিশের দামও সাধারণ ক্রেতাদের নাগালে চলে আসবে।

ঢাকা থেকে আসা ক্রেতা জুলহাস জানান, ছুটির দিন থাকায় চাঁদপুরে ঘুরতে এসেছি। মাছঘাটে ইলিশ খুব কম এসেছে। পুরো ঘাটে ঘুরে ইলিশ কিনতে পারছি না, কারণ অনেক দাম। এখন যাই হোক অল্পকিছু ইলিশ কিনার পরিকল্পনা রয়েছে। তবে এভাবে দাম চাইলে ইলিশ আর কেনা যাবে না।

শরীফুল ইসলাম/এনএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।