টাঙ্গাইলে কুকুরের কামড়ে আহত ১৫
টাঙ্গাইলের নাগরপুরে পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৫ জন আহত হয়েছে৷ বৃহস্পতিবার (৩৯ এপ্রিল) দুপুরে উপজেলার বাবনাপাড়া মোড়, নঙ্গিনা বাড়ী, ঋষীবাড়ী, নাগরপুর বাজার, দুয়াজানি, থানা মোড়, উপজেলা চত্বর ও সাব-রেজিস্ট্রি অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে শিশু, নারী-পুরুষ ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন। এছাড়া কয়েকটি গবাদিপশুও কুকুরটির আক্রমণের শিকার হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতরা জানান, কুকুরটি আকস্মিকভাবে পথচারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে কামড়াতে থাকে। এতে কেউ প্রতিরোধের সুযোগ পাননি এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাজারে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের সংকট রয়েছে। পাশাপাশি সরকারি হাসপাতালেও পর্যাপ্ত মজুত নেই। প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে কুকুর নিয়ন্ত্রণ বা টিকাদান কার্যক্রম নিয়মিত না থাকায় এ সমস্যা দিন দিন বাড়ছে বলে মনে করছেন তারা।
নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আমাদের রেজিস্টারে এখন পর্যন্ত ৮ জন আহতের নাম নথিভুক্ত হয়েছে। এছাড়া ২ জন মানিকগঞ্জ সদর হাসপাতালে এবং ৩ জন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর মমিন বলেন, বেওয়ারিশ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রম জরুরি। জলাতঙ্ক প্রতিরোধে কুকুরকে টিকাদান ও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর/জেআইএম