প্রতিমন্ত্রী মীর শাহে আলম
বিএনপি সবসময় শ্রমিকবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে
বিএনপি সবসময় শ্রমিকবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (১ মে) বগুড়ার শিবগঞ্জে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিকদের এক বর্ণাঢ্য র্যালিতে অংশ নিয়ে তিনি এ কথা জানান।
বেলা ১১টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র্যালিটি শুরু হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি শ্রমিকদের অধিকার রক্ষায় বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মীর শাহে আলম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় যে ভিত্তি তৈরি করেছিলেন, আজ তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছে। শ্রমিকের অধিকার রক্ষা এবং তাদের মর্যাদা প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। কোনো ধরনের শোষণ-বঞ্চনা বরদাস্ত করা হবে না।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির দায়িত্বশীল ব্যক্তিরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এলবি/এনএইচআর/জেআইএম