শ্রমিকদের অযৌক্তিকভাবে চাকরিচ্যুত না করাসহ ৯ দাবিতে মানববন্ধন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৭ এএম, ০১ মে ২০২৬
জাতীয় প্রেস ক্লাবের সামনে হস্তশিল্পী কারচুপি ও হ্যান্ড এমব্রয়ডারি ফেডারেশন আয়োজিত মানববন্ধন

ভারতীয় পোশাক বা বিদেশি পোশাক আমদানি বন্ধ করাসহ ৯ দফা দাবি জানিয়েছে হস্তশিল্পী কারচুপি ও হ্যান্ড এমব্রয়ডারি ফেডারেশন। এই দাবিগুলোর মধ্যে রয়েছে- শ্রমিকদের অযৌক্তিকভাবে চাকরিচ্যুত না করা ও আন্তর্জাতিক মান অনুযায়ী বেতন নির্ধারণ করার মতো বিষয়গুলো।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. ইব্রাহিম হাসান মিঠু।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত শ্রম আইন ও অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিকদের অধিকার নিশ্চিত না হওয়ায় তারা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- শ্রমিকদের বয়সসীমা নির্ধারণ ও জাতীয় ডাটাবেজ তৈরি, বিদেশে শ্রমিক পাঠাতে সরকারি উদ্যোগ বৃদ্ধি, কর্মক্ষেত্রে ন্যায্য মজুরি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

এছাড়া বলা হয়, শ্রমিকদের অযৌক্তিকভাবে চাকরিচ্যুত না করা, আন্তর্জাতিক মান অনুযায়ী বেতন নির্ধারণ, ভারতীয় পণ্য শুল্কমুক্ত প্রবেশের পাশাপাশি সময়মতো মজুরি প্রদান এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নের ব্যবস্থা করতে হবে।

ফেডারেশন নেতারা আরও দাবি করেন, শ্রম আইন বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থা জোরদার করতে হবে এবং যেখানে আইন নেই সেখানে দ্রুত কার্যকর আইন প্রণয়ন করতে হবে। শ্রম আদালতের সংস্কার, ডিজিটালাইজেশন ও দ্রুত বিচার নিশ্চিত করারও আহ্বান জানানো হয়।

তারা বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত শক্তিশালী শ্রমিক সংগঠন গড়ে তোলা জরুরি। একই সঙ্গে শ্রমিকদের স্বাস্থ্য, বাসস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়।

এসএম/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।