সোনারগাঁয়ে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ কার্যালয়ে ডাকাতি

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ০২ মে ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নগদের একটি ডিস্ট্রিবিউশন হাউজে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় দুর্বৃত্ত অস্ত্রের মুখে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে দাবি করেছেন নগদের পরিবেশক।

শনিবার (২ মে) সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত জালাল টাওয়ারে নগদের ডিস্ট্রিবিউটর কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।

সোনারগাঁ নগদের ডিস্ট্রিবিউটর আল আমিন জানান, সকাল ৯টার দিকে ৮-১০ জনের একটি সশস্ত্র দল শর্টগান, পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে অফিসে প্রবেশ করে। তারা সেখানে উপস্থিত কর্মকর্তাদের পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয় এবং মারধর করে আহত করে। একপর্যায়ে দুর্বৃত্তরা ড্রয়ারে থাকা নগদ সাত লাখ টাকা, পাঁচটি দামি মোবাইল ফোন এবং সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কসহ লুট করে নিয়ে যায়। পাশাপাশি কর্মকর্তাদের নিকট হতে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন প্রায় এক কোটি টাকার ই-মানি ব্যালেন্স রয়েছে। যা সব মিলিয়ে লুটের অর্থ এক কোটি টাকা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনায় আল আমিন বাদি হয়ে একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মুহিবুল্লাহ জাগো নিউজকে বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নগদ কোম্পানি ৭ লাখ টাকার ক্যাশসহ মালামাল লুটের অভিযোগ দায়ের করেছেন। জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।

মো. আকাশ/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।