ময়মনসিংহে ২২০০ লিটার জ্বালানিসহ লরি জব্দ, গ্রেফতার ৩
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অবৈধভাবে বিক্রির সময় ২ হাজার ২০০ লিটার জ্বালানিসহ ট্যাংক লরি জব্দ করেছে পুলিশ। এসময় ক্রেতা, ট্যাংকের চালক-সহকারীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে গ্রেফতার তিনজনের প্রত্যেককে ৭ দিন করে রিমান্ড আবেদন করে আদালতে পাঠায় পুলিশ।
এসময় পরবর্তী শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে বুধবার ভোররাতে উপজেলার পুটিজানা ইউনিয়নের শিবগঞ্জের হাটখালি বাজার এলাকা থেকে জ্বালানিসহ ট্যাংক লরি জব্দ করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ফুলবাড়িয়া থানাধীন উসমান আলী, সিরাজগঞ্জ জেলার লরির চালক সোহেল রানা (৪০) ও চালকের সহকারী হৃদয় আহমেদ (২৩)। জ্বালানি ক্রেতা উসমান আলী।
পুলিশ জানায়, বুধবার ভোররাতে হাটখালি বাজার এলাকায় লরি থেকে জ্বালানি বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওই বাজারে অভিযান চালায় পুলিশ। অভিযানের বিষয়টি টের বেশ কয়েকজন পালিয়ে যায়। এ সময় ২২০০ লিটার জ্বালানিসহ গাড়িটি জব্দ এবং স্থানীয় উসমান আলী, লরির চালক ও সহকারীকে আটক করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসায় চালক ও সহকারী জানায়, তারা সিরাজগঞ্জ থেকে জ্বালানি মুক্তাগাছার সেভেন স্টার ফিলিং স্টেশনে দেওয়ার জন্য এসেছিলেন। সেখানে জ্বালানি ফিলিং স্টেশনে না দিয়ে অবৈধভাবে হাটখালি বাজারের উসমান মিয়ার কাছে অবৈধভাবে বিক্রি করছিলেন। এ ঘটনায় রাতেই থানার এসআই শামীম হোসেন বাদী হয়ে গ্রেফতার তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২ থেকে ৩ জনকে আসামি করেন মামলা করা হয়।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, চালক ও সহকারীর কাছ থেকে জ্বালানির একটি স্লিপ পাওয়া গেছে। ওই স্লিপে সেভেন স্টার ফিলিং স্টেশন নাম উল্লেখ করা আছে। তবে ফিলিং স্টেশনের কোনো ঠিকানা দেওয়া ছিল না। মুক্তাগাছার সত্রাশিয়া বাজারে সেভেন স্টার ফিলিং স্টেশন আছে। তবে এ ঘটনার সঙ্গে ওই ফিলিং স্টেশনের কোনো যোগসূত্র আছে কি না তদন্ত চলছে। তিনজনকে গ্রেফতারের সময় যারা ঘটনাস্থল থেকে পালিয়েছে, তাদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
কামরুজ্জামান মিন্টু/এনএইচআর/জেআইএম