রেলের জলাশয় ইজারা নিয়ে প্লট আকারে বিক্রির অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৬:১২ পিএম, ০৩ মে ২০২৬

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের জলাশয় ইজারা নিয়ে তা অবৈধভাবে ভরাট করে প্লট আকারে বিক্রির অভিযোগ উঠেছে মাহমুদ আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। রাতের আঁধারে মাটি ফেলে জলাশয়টির প্রায় ৪০ শতাংশ জায়গা ভরাট করে ইতোমধ্যে ১০ থেকে ১২টি ঘর নির্মাণ ও বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, জলাশয়টির দুই পাশ থেকে ধাপে ধাপে মাটি ফেলে ভরাট করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ১০ থেকে ১২টি আধাপাকা ও পাকা কক্ষ নির্মাণ করে বিক্রি করে দিয়েছে দখলবাজ চক্রটি। বর্তমানে টিন দিয়ে ঘিরে নতুন করে ঘর তোলার প্রস্তুতি চলছে।

স্থানীয়দের অভিযোগ, স্থানীয়ভাবে প্রভাবশালী মাহমুদ নামের ওই ব্যক্তি জলাশয়টি ইজারা নিয়ে নিজের নিয়ন্ত্রণে রেখে প্লট আকারে বিক্রি করছেন। এতে বাধা দিলে এলাকাবাসীকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। ঘনবসতিপূর্ণ রেল কলোনিসহ আশপাশের শত শত ঘরবাড়ির পানি বর্ষা মৌসুমে ড্রেনের মাধ্যমে এই পুকুরে জমা হয়। ভরাট হয়ে যাওয়ায় এলাকায় জলাবদ্ধতা বাড়ছে।

স্থানীয়দের আশঙ্কা, এটি সম্পূর্ণ ভরাট হলে ভবিষ্যতে অগ্নিকাণ্ড ঘটলে পানি সংকটে বড় ধরনের বিপর্যয় তৈরি হবে। এরই মধ্যে এলাকাবাসীর গণস্বাক্ষর সংগ্রহ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সংসদ সদস্য ও রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছে। তবে এতেও কোনো প্রতিকার মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের।

রেলের জলাশয় ইজারা নিয়ে প্লট আকারে বিক্রির অভিযোগ

তবে অভিযুক্ত মাহমুদ আলীর দাবি, তিনি জলাশয়টি ইজারা নিয়েছেন। তবে ভরাট করে প্লট বিক্রির বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।

এ বিষয়ে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের (কানুনগো) কর্মকর্তা মহসিন আলী জানান, জলাশয় ইজারা নিয়ে ভরাট ও বিক্রির কোনো সুযোগ নেই। যাচাই-বাছাই শেষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে রেলওয়ে পূর্ত বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী তহিদুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে তারা জানেন না। রেলের জমি কারও পৈতৃক সম্পত্তি নয়। এটি প্লট আকারে বিক্রি করা জঘন্য অপরাধ। সরেজমিনে তদন্ত করে দেখা হবে। প্রমাণ পেলে তার ইজারা বাতিলের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে লিখিত আবেদন করা হবে। কারণ, আজ একজন ইজারা পেয়েছেন, কাল অন্যজন পাবেন।

আমিরুল হক/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।