সামান্য বৃষ্টিতেই ডুবে যায় স্কুলমাঠ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় সামান্য বৃষ্টি হলেই মাওনা জেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়তে হয় বিদ্যালয়টির সহস্রাধিক শিক্ষার্থীর। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই প্রায় আড়াই ফুট পর্যন্ত পানি জমে যায়।
সরেজমিনে বিদ্যালয় প্রাঙ্গণে দেখা যায়, বৃষ্টিতে বিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু করে পুরো খেলার মাঠ পানির নিচে। কোথাও হাঁটু পানি আবার কোথাও তা থেকে বেশি। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। ফলে পানি মাড়িয়ে বিদ্যালয় থেকে বের হচ্ছেন শিক্ষার্থীরা।
স্থানীয়রা জানায়, গত কয়েকদিনের বৃষ্টিতে মাঠের কোনো কোনো অংশে প্রায় আড়াই ফুট পর্যন্ত পানি জমে আছে। বিশেষ করে ২৬ এপ্রিল রাতে ও ২৮ এপ্রিল বৃষ্টিতে ভোগান্তি আরও বেড়েছে। স্কুলে প্রবেশের জন্য বিকল্প কোনো রাস্তা না থাকায় শিশু শিক্ষার্থীরা প্যান্ট ও জামা হাঁটু পর্যন্ত গুটিয়ে কোনোমতে স্কুলে ঢুকে। কেবল স্কুলে প্রবেশ নয়, এক ভবন থেকে অন্য ভবনে যাওয়ার জন্য কিংবা শৌচাগারে যাওয়ার জন্য তাদের এই নোংরা পানি পাড়ি দিতে হচ্ছে। এতে করে চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে শিশুরা।
জানা গেছে, মাওনা জেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা এক হাজার। তাদের জন্য ওই স্কুলে শিক্ষক আছেন ১৯ জন। প্রতি বছর স্কুলটি ফলাফলেও উপজেলায় এগিয়ে থাকে।
মাওনা জেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার বলেন, স্কুলে এক হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। তাদের নিরাপত্তার কথা ভেবে আমরা সবসময় আতঙ্কে থাকি। কখন কোন শিশু পানিতে পড়ে গিয়ে অঘটন ঘটে বলা যায় না। বিষয়টি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি, আবেদন করেছি। কিন্তু এখন পর্যন্ত বাস্তবে কোনো প্রতিকার পাইনি। একটি আদর্শ স্কুলের জন্য নিরাপদ পরিবেশ অত্যন্ত জরুরি।
শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন বলেন, উপজেলা সবচেয়ে বড় এ বিদ্যালয়ট। জলাবদ্ধতার বিষয়টি আগেই আমাদের নজরে এসেছে। জলাবদ্ধতা নিরসনে পৌরসভার পক্ষ থেকে ড্রেন নির্মাণ প্রক্রিয়াধীন। ড্রেন নির্মাণ করা হলেই জলাবদ্ধতা নিরসন হবে।
মো. আমিনুল ইসলাম/এনএইচআর/জেআইএম