চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭:১৬ পিএম, ০৩ মে ২০২৬

চাঁদাবাজি মামলায় সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে পৌর এলাকার দত্তবাড়ি মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ পৌর শহরের চক কোবদাসপাড়া মহল্লার শাহজাহান একজন মুদি ব্যবসায়ী। তার ব্যবসায়িক অংশিদার সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের নলিছাপাড়া গ্রামের নাজমুল ইসলাম। গত ২৭ এপ্রিল সন্ধ্যায় নাজমুল ইসলাম ব্যবসা সংক্রান্ত আলোচনার জন্য শাহজাহানের বাড়িতে যান। কিন্তু সে সময় শাহজাহান বাড়িতে না থাকায় তার মা সুফিয়া খাতুনের সঙ্গে কথাবার্তা বলেন। তখন যুবলীগ নেতা হোসেন ও ছাত্রদল নেতা সোহেলসহ অন্যরা বাড়িতে প্রবেশ করে নাজমুল ও শাহজাহানের স্ত্রী নুপুর খাতুনকে জড়িয়ে মিথ্যা অপবাদ দেন। পরে পরিবারের লোকজন এমন অপবাদ দিতে নিষেধ করলে তারা হুমকি-ধামকি দিয়ে নাজমুলকে তুলে নিয়ে মারধর করেন। এরপর ৭০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

পরে শাহজাহান তার ব্যবসায়ী অংশিদারের জীবন বাঁচাতে ৭০ হাজার টাকা পরিশোধ করার কথা বলে নাজমুলকে কৌশলে উদ্ধার করেন। এরপর চাঁদার টাকা দিতে অস্বীকার করলে বাড়ি ঘর ভাঙচুর ও হত্যার হুমকি দেয়।

এ ঘটনায় শনিবার (২ মে) রাতে সিরাজগঞ্জ সদর থানায় শাহজাহানের স্ত্রী নুপুর খাতুন বাদী হয়ে ছাত্রদল নেতা সোহেল রানাসহ ১১ জনের নাম উল্লেখ করে চাঁদাবাজির মামলা করেন। এতে আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এম এ মালেক/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।