স্ত্রীকে হত্যার পর লাশ বস্তায় ভরে কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন স্বামী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ০৪ মে ২০২৬
এআই নির্মিত ছবি

গাজীপুরে বস্তাবন্দি অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীকে হত্যা করে তার স্বামী মরদেহটি গুম করার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক।

রোববার (৩ মে) গাজীপুর সিটি করপোরেশনের পূর্বপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কোনাবাড়ী থানা পুলিশ।

নিহতের নাম মমতাজ খাতুন (২২)। তিনি কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাজাইকাটা গ্রামের ময়নাল হকের মেয়ে।

মমতাজ বাইমাইল পূর্বপাড়া এলাকায় স্বামী ও শাশুড়ির সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তাদের চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় মোকছেদ মিয়ার বাড়িতে স্ত্রী মমতাজ খাতুনকে নিয়ে ভাড়া থাকতেন আনোয়ার হোসেন। রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এলাকাবাসী দেখতে পান, এক ব্যক্তি সাদা বস্তা কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে থামিয়ে বস্তার ভেতরে কী আছে জানতে চান। এসময় ওই ব্যক্তি বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে ভেতরে এক নারীর মরদেহ দেখতে পায়। পরে মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে রোববার রাত ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে স্বামী আনোয়ার হোসেন ওড়না দিয়ে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করেন। এরপর মরদেহ গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দি করে মহাসড়কের পাশে ফেলে দেন। ঘটনার পর থেকে আনোয়ার হোসেন পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় নিহতের চার বছরের কন্যাসন্তান ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনার পর নিহতের স্বামী পালিয়ে যান। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমিনুল ইসলাম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।