সুনামগঞ্জে বাসের ধাক্কায় সিএনজির চালকসহ নিহত ২
সুনামগঞ্জের ছাতক উপজেলার জালালপুর এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়ক বাসের ধাক্কায় সিএনজির চালকসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (৪ মে) দুপুরে ছাতক উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে একজন হলেন, সিএনজির যাত্রী জেলার তাহিরপুর উপজেলার তিউর জালাল গ্রামের হাসেম আলীর ছেলে ইউসুফ আলী (৫৫)। তবে নিহত সিএনজিচালক ও আহতদের নাম জানা যায়নি।
হাইওয়ে পুলিশ জানায়, সোমবার দুপুরে সিলেট থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল রিফাত পরিবহন নামে বাসটি। অপরদিকে সুনামগঞ্জ থেকে সিলেটে যাচ্ছিল সিএনজি। ছাতক উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হঠাৎ করে যাত্রীবাহী বাস রিফাত পরিবহন লেন পরিবর্তন করে বাম দিকে থেকে ডান দিকে চলে যায় ও সিএনজিকে জোরে ধাক্কা দেয়। এত যাত্রীবাহী সিএনজিটি অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। এসয় বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান দিকের খাদে পরে উল্টে যায়। বাসের ধাক্কায় সিএনজি চালক ও যাত্রী ইউসুফ আলী ঘটনাস্থলেই মারা যান।
জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালকসহ দুই জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ কলেজে পাঠানো হয়েছে।
লিপসন আহমেদ/এমএন/এএসএম