রাবির মতিহার হল
গাছ থেকে লিচু পেড়ে কক্ষে কক্ষে পৌঁছে দিলেন হল সংসদের নেতারা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হলের গাছ থেকে লিচু পেড়ে প্রতিটি কক্ষে পৌঁছে দেওয়া হয়েছে। সোমবার (৪ মে) বেলা ২টায় সবার কক্ষে লিচু পৌঁছে দিতে দেখা যায় হল সংসদের নেতাদের। এসময় উপস্থিত ছিলেন হল সংসদের ভিপি মো. তাজুল ইসলাম।
জানা যায়, প্রায় ৫ হাজার লিচু সংগ্রহ করে পিএইচডি ব্লকসহ ২৪০টি কক্ষে ও হলের সব কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। প্রতিটি কক্ষে ২০-৩০টি করে লিচু পৌঁছে দেওয়া হয়েছে।
লিচু পেয়ে মতিহার হলের আবাসিক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, বিগত সময়ে যখন হল সংসদ চালু ছিল না, তখন ছাত্রলীগের আমলে তারা লিচুগুলো নিয়ে যেত। এখন হল সংসদ চালু হওয়ায় সমতার ভিত্তিতে রুমে রুমে পৌঁছে দেওয়া হয়েছে। এতে আমরা অনেক আনন্দিত। হল সংসদকে ধন্যবাদ জানাই এমন সুন্দর উদ্যোগের জন্য।

মতিহার হল সংসদের ভিপি তাজুল ইসলাম বলেন, মতিহার হল সংসদের উদ্যোগে ও হলের আবাসিক শিক্ষার্থীদের সহযোগিতায় হলে যে একমাত্র লিচু গাছটি রয়েছে, তা থেকে লিচু পেড়ে সব লিচু বণ্টন করে দেওয়া হয়েছে। আমরা অনাবাসিক শিক্ষার্থীদের জন্য হল সংসদের রুমে লিচু রেখে দিয়েছি। তারা এলে তাদের মাঝেও লিচুগুলো বণ্টন করে দেওয়া হবে। হলে সকল শিক্ষার্থীর সহায়তায় আমরা এতদিনে লিচুগুলো পরিপক্ব করতে পেরেছি।
হলের শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। তারা যদি আমাদের সহায়তা না করতো তাহলে আমরা লিচুগুলো বণ্টন করতে পারতাম না। হলের এসব ফল পাড়ার আনন্দ আমাদের শৈশবের কথা মনে করিয়ে দেয়। এই উৎসবমুখর পরিবেশ অন্য কোথাও পাওয়া যাবে না।
মনির হোসেন মাহিন/এমএন/এমএস