চাঁদা না পেয়ে ভেকু দিয়ে বেকারি গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা, আহত ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১২:১৩ পিএম, ০৫ মে ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদা না পেয়ে ভেকু মেশিন দিয়ে একটি বেকারি গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা কারখানাতে ব্যাপক তাণ্ডব চালিয়ে চলে যায়। সোমবার (৪ মে) রাতে ফতুল্লার শান্তিধারা এলাকায় এই ঘটনা ঘটে।

এসময় সন্ত্রাসীরা কারখানার আসবাবপত্র গুঁড়িয়ে উৎপাদন ব্যবস্থাকে অচল করে দেয় এবং মূল্যবান মালামাল লুটে নেয়। এতে বেকারির ৫ জন শ্রমিক আহত হয়েছেন।

কারখানার মালিকের স্ত্রী শারমিন সুলতানা জানান, ৩০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী শাহাদাৎ হোসেন ওরফে ‘ভুয়া পুলিশ শাহাদাৎ’ এবং মান্নানের নেতৃত্বে প্রায় ৫০ জনের একটি সশস্ত্র বাহিনী ভেকু নিয়ে আসে ফুডল্যান্ড বেকারি গুঁড়িয়ে দিতে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা লোহার রড দিয়ে কারখানার ভেতরে ব্যাপক ভাঙচুর চালায়। তখন দুটি মোটরসাইকেল, একটি ব্যবসায়ীক গাড়ি, নগদ টাকা, শ্রমিকদের মোবাইল ফোন, এলপিজি সিলিন্ডার, ওভেনসহ বিপুল পরিমাণ কাঁচামাল ছিনিয়ে নেয়।

কারখানার ম্যানেজার হারুন অর রশিদ বলেন, সন্ত্রাসীরা ক্যাশের ড্রয়ার ভেঙে প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা লুট করে নেয়। এছাড়া কভার্ডভ্যান, দরজা-জানালা, ফ্রিজ, সিসিটিভি ক্যামেরা ও বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করেন। তখন জরুরি নম্বরে ফোন করলে পুলিশ আসেন। এসময় সন্ত্রাসীরা ভেকু রেখে পালিয়ে যায়। কারখানার ৫ জন শ্রমিককে তারা পিটিয়ে আহত করেছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী জানান, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।