কুমিল্লায় হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:২৮ পিএম, ০৩ মে ২০২৬

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে আরশ (৯ মাস) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে কুমিল্লা জেলায় হাম উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬ জন।

শনিবার (২ মে) রাত সাড়ে ৮টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়।

রোববার (৩ মে) বেলা সাড়ে ১১টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশু আরশ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার তারাপুর গ্রামের আবুল কালামের ছেলে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মনজুর আহমেদ বলেন, আরশ নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। তবে স্বজনরা দেরিতে হাসপাতালে নিয়ে আসায় শিশুটির সংক্রমণ গুরুতর হয়ে ওঠে। এতে শারীরিক জটিলতা বেড়ে গেলে শিশুটির মৃত্যু হয়। গত ১৮ এপ্রিল থেকে আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালে হামে আক্রান্ত ৮৮ জন শিশু ভর্তি রয়েছে।

কুমিল্লায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৩ জন এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত কোনো হাম রোগী শনাক্ত না হলেও সন্দেহজনক উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।