খুলনায় যুবককে গুলি, চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ফের হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০৫ মে ২০২৬

খুলনায় রাজু হাওলাদার (৩৮) নামে এক যুবককে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও ফের হামলা চালানো হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) মহানগরীর লবণচরা থানা এলাকার কোবা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজু হাওলাদার লবণচরা থানাধীন শিপইয়ার্ড এলাকার ইউনুস হাওলাদারের ছেলে। গুলিবিদ্ধ হওয়ার পর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পেটে গুলিবিদ্ধ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতেই তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকায় নেওয়ার পথে রাত আনুমানিক দেড়টার দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে আবারও গুলি চালায়। এ সময় অ্যাম্বুলেন্স চালক মো. ফারুক দ্রুত গাড়িটি কাটাখালী হাইওয়ে থানায় নিয়ে গিয়ে আশ্রয় নেন। পরে হাইওয়ে পুলিশের সহযোগিতায় পুনরায় রাজুকে নিয়ে পরিবারের লোকজন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। তবে রাজু বর্তমানে ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় পুলিশের পাহারায় রয়েছে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ জানান, গুলিবিদ্ধ রাজুকে ঢাকায় নেওয়ার পথে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশি সহায়তায় অ্যাম্বুলেন্সটি নিরাপদে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জাগো নিউজকে বলেন, রাজু ওয়ারেন্ট ভুক্ত আসামি। ঢাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের একটা টিম রয়েছে সেখানে। বিস্তারিত পরে জানানো যাবে। তবে রাজুর বিষয়ে ও হামলাকারীদের বিষয়ে তদন্ত চলছে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

আরিফুর রহমান/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।